back to top

চট্টগ্রামে সোয়া কোটি টাকার বিদেশি সিগারেট-শুটকিসহ আটক ২

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬ ০৮:৪৭

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় সোয়া কোটি টাকা মূল্যের সিগারেট ও বিপুল পরিমান শুটকিসহ ২ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল রোববার (৮ মার্চ) পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন কর্ণফূলী নদী থেকে এসব মালামালসহ তাদের আটক করা হয়।

এসময় পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, বন্দরের বহির্নোঙর থেকে অবৈধ ও শুল্ক কর ফাঁকি দিয়ে এসব পণ্য নিয়ে ট্রলারটি কর্ণফূলী নদীতে ঢোকে।

ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রে থাকা বিদেশি কোনো জাহাজ বা মিয়ানমার থেকে এসব পণ্য ট্রলারটিতে তোলা হয়।

এসময় কর্ণফূলী নদীতে প্রবেশের মুখে সন্দেহজনক গতিবিধি দেখে ট্রলারটি দাঁড় করায় কোস্টগার্ড।

পরে তল্লাশি চালিয়ে ট্রলারটির ভেতরে কয়েকটি বস্তায় লুকিয়ে রাখা ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও ১ হাজার ৫০ কেজি শুঁটকি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

আটক দুই পাচারকারী, ট্রলার ও মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি