বিশ্ব ডেস্ক : জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান।
বুধবার (১৮ মার্চ) এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।
নিরাপত্তা কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে, অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন।
সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব।’
এর আগে, মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
কাটজ বলেন, লারিজানির পাশাপাশি বাসিজ বাহিনীর একজন কমান্ডারও একই হামলায় নিহত হয়েছেন।
তিনি আরও দাবি করেন, তাদের মূল লক্ষ্য ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এবং এই অভিযানের সূচনা তাকে দিয়েই শুরু করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ মার্চ রাজধানী তেহরানে কুদস দিবসের মিছিলে জনসমক্ষে দেখা গিয়েছিল আলী লারিজানিকে।
তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত তথ্যে দেখা যায়, তিনি সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং কথা বলছিলেন।
এর একদিন আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এক পোস্টে লেখেন, ট্রাম্প বলছেন তিনি দ্রুত বিজয় চান।
যুদ্ধ শুরু করা সহজ হলেও, কয়েকটি টুইট দিয়ে তা জেতা যায় না।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


