back to top

পেট্রোল পাম্পে অনিয়ম, চট্টগ্রামের ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১৪:৩১

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্রোল পাম্প এবং কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামীয় পেট্রোল পাম্পে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিএসটিআইয়ের পৃথক এ অভিযানে পেট্রোল পাম্প দুটি ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপুর পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।

এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া একই দিন নগরের কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামীয় পেট্রোল পাম্পে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার অভিযান চালায়।

অভিযানে পাম্পটির ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২(৩) ধারা অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ৪৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে।

এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয় দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি