back to top

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: তদন্ত কমিটি-২ গেটম্যান বরখাস্ত

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ০৪:৪৩

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ (সংগৃহীত ছবি)
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যদিও প্রাথমিকভাবে দুটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঘটনার পরপরই দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়। এ দিকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

আজ রোববার (২২ মার্চ) সকাল ৭টায় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া।

বিভাগীয় পর্যায়ে গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে।

অন্যদিকে জোনাল পর্যায়ের ৬ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমান।

বিভাগীয় তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান, বিভাগীয় মেডিকেল অফিসার ডা. তাহামিনা ইয়াছমিন এবং কমান্ড্যান্ট ও আরএনবি মো. শহীদ উল্লাহ।

অন্য দিকে জোনাল তদন্ত কমিটির সদস্যরা হলেন— চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামস তুষার, চিফ মেডিকেল অফিসার (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ এবং চিফ কমান্ড্যান্ট আরএনবি (পূর্ব) মো. জহিরুল ইসলাম।

মোস্তাফিজুর রহমান ভুইয়া জানান, দুই তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন ছিলেন বাসযাত্রী ওমর ফারুক। তিনি গণমাধ্যমকে বলেন, আমি বাসে ঘুমিয়ে ছিলেন।

হঠাৎ প্রচণ্ড ঝাঁকি ও বিকট শব্দে ঘুম ভাঙতেই দেখি ট্রেন বাসটিকে মুখে করে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতরটি দুমড়ে-মুচড়ে যায়।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি