back to top

ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার নতুন সময়সূচি নির্ধারণ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৪:৫৭

জাতীয় ডেস্ক : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের সরকারি ডিপোগুলো থেকে জ্বালানি তেল বিপণনের সময়সূচিতে পরিবর্তন এনেছে।

শনিবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলা এবং অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন নিয়ম অনুযায়ী, সারা দেশের প্রধান স্থাপনা বা ডিপোগুলো থেকে জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম প্রতিদিন সকাল ৭টায় শুরু হবে। এই বিপণন প্রক্রিয়া চলবে বিকেল ৩টা পর্যন্ত।

দেশের প্রতিটি ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার এবং পাম্পগুলোতে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ নিশ্চিত করাই এই সময় পরিবর্তনের প্রধান উদ্দেশ্য।

বিপিসি মনে করছে, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করলে বর্তমান পরিস্থিতিতে তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনায় গতি আসবে।

বিপিসির নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে পণ্য সরবরাহ কার্যক্রম বর্তমান পরিস্থিতিতেও সচল রয়েছে।

নতুন সময়সূচি অনুসরণের মাধ্যমে বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের কৃত্রিম সংকট এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি খাতের স্থিতিশীলতা রক্ষায় তদারকি আরও জোরদার করার পরিকল্পনাও রয়েছে সরকারের সংশ্লিষ্ট মহলের।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি