চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফিজিশিয়ান স্যাম্পল, অনিবন্ধিত ও নিষিদ্ধ ওষুধ মজুত এবং যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থতার অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কানুনগোপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযানে মা ফার্মেসিকে ১০ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, শ্যামা ফার্মেসিকে ১০ হাজার টাকা, পপুলার ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং নিরাময় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, ফিজিশিয়ান স্যাম্পল, অনিবন্ধিত ও নিষিদ্ধ ওষুধ মজুত এবং ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন ঔষধ তত্ত্বাবধায়ক কর্মকর্তা মো. ফজলুল হক, আবিদ আহসান এবং বোয়ালখালী থানা পুলিশের একটি দল।


