চট্টগ্রাম নিউজ টুডে : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনছুরিয়া বাজার গরুরবাজার সংলগ্ন এলাকায় মাছবাহী একটি ড্যাম্পার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ছাত্রসেনা মহেশখালী উপজেলার দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আবু সরওয়ার (৩৪) এবং বাহাদুর আলম (২৮) নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আবু সরওয়ারকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে একই দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রী বাহাদুর আলম ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মোহাম্মদ আবু সরওয়ার কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবুল বশরের ছেলে।
তিনি বাংলাদেশ ছাত্রসেনা মহেশখালী উপজেলার দক্ষিণ শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ড্যাম্পার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রথমে একজন নিহত হন।
পরে গুরুতর আহত আবু সরওয়ারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিশেষ করে ছাত্রসেনা নেতা মোহাম্মদ আবু সরওয়ারের অকাল মৃত্যুতে মহেশখালী এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



