back to top

চট্টগ্রামের বাঁশখালীতে চাচার হামলায় ভাতিজা নিহত, আশঙ্কাজনক পিতা

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৩:৪৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের পিতা, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত মোহাম্মদ হাছান (২৫) উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব বৈলগাঁও মাধবীপাড়া এলাকার বাসিন্দা এবং আবুল বাশারের ছেলে।

আহত আবুল বাশার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, চাচা নাছির উদ্দীন, তাঁর স্ত্রী শাহেদা বেগমসহ প্রতিপক্ষের কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।

এ সময় আবুল বাশার ও তাঁর ছেলে মোহাম্মদ হাছান গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাছান মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হামিদ বলেন, চাচা নাছির উদ্দীন ও তাঁর স্ত্রীর নেতৃত্বে হামলায় লাঠির আঘাতে হাছান নিহত হয়েছেন। আহত আবুল বাশারের অবস্থাও গুরুতর।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি