আনোয়ারায় চারতলা থেকে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ১৪:১৮

যে বয়সে কোলজুড়ে থাকার কথা, মেঝেতে হেসে-খেলে ধুলোবালি ওড়ানোর কথা-ঠিক সেই বয়সেই চিরদিনের জন্য চোখ বুজল তিন বছরের ছোট্ট শিশু মোহাম্মদ আবির।

সামান্য এক মুহূর্তের অসাবধানতা আর খেলার ছলেই নেমে এলো এক অমাবস্যার অন্ধকার, যা ভাসিয়ে নিয়ে গেল একটি পরিবারের সব আনন্দ ও স্বপ্ন।

গতকাল শুক্রবার রাত ঠিক ৯টা। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার একটি চারতলা ভবনে অন্যান্য দিনের মতোই সময় কাটছিল।

রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির বাসিন্দা মোহাম্মদ দিলোয়ারের পরিবার এই ভবনে ভাড়া থাকতেন।

রাতে পরিবারের সবার চোখ এড়িয়ে চারতলার সিঁড়ির উঁচু রেলিংয়ের ওপর উঠে খেলতে শুরু করে ছোট্ট আবির। কিন্তু অবুঝ শিশুটি ঘুণাক্ষরেও বুঝতে পারেনি, ওই উঁচু রেলিংয়ের ওপর মৃত্যু ওড়াওড়ি করছে।

খেলার একপর্যায়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় অবুঝ শিশুটি। মুহূর্তের মধ্যে ভবনের নিচ থেকে ভেসে আসে এক বিকট শব্দ, আর তার পরপরই পরিবারের স্বজনদের আহাজারি।

গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় আবিরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে নিয়তির লিখন যে আগেই লেখা হয়ে গিয়েছিল! হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জাহিদুল হাসান জানান, শিশুটিকে সম্পূর্ণ মৃত অবস্থায় আমাদের কাছে আনা হয়েছিল। চারতলা থেকে নিচে পড়ার কারণে তার শরীরের বিভিন্ন স্থান बुरीভাবে থেঁতলে গিয়েছিল।

এ মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বারশত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন গভীর শোক প্রকাশ করে জানান, ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলার সময় শিশুটি অসাবধানতাবশত নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার অকালমৃত্যু ঘটে।

এই অবুঝ শিশুর এমন চলে যাওয়া পুরো এলাকার মানুষকে স্তব্ধ করে দিয়েছে।

ফুটফুটে আবিরের এই আকস্মিক বিদায়ে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। সন্তানহারা বাবা-মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে বারশত ইউনিয়নের বাতাস।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি