ফুটবলের পেছনে ছুটে আর ফেরা হলো না ১০ বছরের আসহাবের

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ২০:৫৮

লোহাগাড়া প্রতিনিধি : খেলার ছলে হারিয়ে যাওয়া ফুটবলটি নামাতে গিয়ে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর নেমে আসা হলো না ১০ বছরের শিশু আসহাব।

৭ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় ঘটে এই করুণ দুর্ঘটনা।

নিহত ফরহাদ হোসেন আসহাব ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং উপজেলার কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়ার মো. ফারুকের ছেলে।

স্থানীয় সূত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, অন্যান্য দিনের মতোই সকালে সহপাঠীদের নিয়ে মাদ্রাসার মাঠে ফুটবল খেলায় মেতেছিল আসহাব।

খেলার একপর্যায়ে বলটি গিয়ে পড়ে মাদ্রাসার ছাদে। প্রিয় বলটি দ্রুত ফিরিয়ে এনে আবার খেলায় ফেরার তাগিদে আসহাব একাই উঠে যায় ছাদে।

কিন্তু সেখানে ওত পেতে থাকা অসাবধানি বিদ্যুৎলাইনের ছোঁয়ায় মুহূর্তে থেমে যায় তার নিশ্বাস।

আসহাবকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতাল এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজ উদ্দিন শিহাব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। প্রাথমিক আলামতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আসহাবের স্বজনেরা। আকস্মিক এই শোকে স্তব্ধ আসহাবের পিতা ওমর ফারুক কোনো অভিযোগ তুলতে চাননি।

বাকরুদ্ধ কণ্ঠে কেবল বলেন, আমার স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি। আমার কোনো অভিযোগ নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সীমান্ত পোদ্দার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

একটি ছোট্ট বলের পিছে ছুটে চলা জীবনের এমন আকস্মিক ও করুণ ইতি পুরো এলাকায় শোকের ছায়া ফেলে দিয়েছে।

যে আসহাবের কণ্ঠে নিয়মিত ধ্বনিত হতো পবিত্র কোরআনের আয়াত, সেই কণ্ঠ আজ চিরতরে নীরব।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান