নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ব্যস্ততম চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১২ জন নারী রয়েছেন।
শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেট সংলগ্ন ‘রাজ আবাসিক হোটেল’ এবং ‘রিলাক্স আবাসিক হোটেলে’ পরপর দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
শনিবার জেলা পুলিশের পক্ষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পেয়ার আহমেদ।
পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
বিকেল সাড় ৪টার দিকে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল রিলাক্স আবাসিক হোটেলে হানা দেয়। সেখান থেকে ইমাম হোসেন (৫০) নামের এক ব্যক্তিসহ মোট ৫ জন নারীকে আটক করা হয়।
ঠিক তার আধঘণ্টা পর, বিকেল ৫টার দিকে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে আরেকটি দল রাজ আবাসিক হোটেলে অভিযান চালায়।
সেখান থেকে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও রাকিব হোসেন (১৯) এই ৫ তরুণ-যুবক এবং আরও ৭ জন নারীকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুটি হোটেল থেকেই অসামাজিক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরই তাদের আইনানুযোগ নিয়ে আসা হয়।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পেয়ার আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
জনস্বার্থে ও এলাকার সামাজিক পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


