সাতকানিয়ায় রেললাইনে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় নিভে গেল দু’টি প্রদীপ

হাট থেকে ফেরা আর হলো না ঘরে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৭

সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের দুই পরিবারের জন্য রোববারের দুপুরটি যে এমন এক বিষাদময় অন্ধকার বয়ে আনবে, তা কে জানত!

দোহাজারী বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনে অটোরিকশায় চেপে বাড়ি ফিরছিলেন পেশায় মুদি দোকানি আবু তাহের (৫০)। গাড়িটি চালাচ্ছিলেন ধর্মপুর ইউনিয়নের আব্দুস শুক্কুর (৪০)।

দুজনের পথচলা আর গল্পে কাটছিল সময়। কিন্তু বেলা ঠিক আড়াইটার দিকে কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় পৌঁছাতেই থেমে যায় সেই চাকা, থমকে যায় দুটি জীবন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কাটগড় রেলগেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাটি হঠাৎ রেললাইনে উঠে পড়ে।

ঠিক সেই মুহূর্তেই গতি বাড়িয়ে কক্সবাজার থেকে ধেয়ে আসে একটি ট্রেন। অটোরিকশাচালক ও যাত্রী বুঝে ওঠার আগেই ট্রেনের প্রচণ্ড ধাক্কায় ধুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।

ঘটনার আকস্মিকতায় নিমিষেই রক্তে ভেসে যায় চারপাশ। ঘটনাস্থলেই প্রাণ হারান মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের।

অন্যদিকে, গুরুতর রক্তাক্ত ও সংকটাপন্ন অবস্থায় অটোরিকশাচালক আব্দুস শুক্কুরকে উদ্ধার করেন স্থানীয়রা।

দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হওয়া হলেও পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একটি সাধারণ বাজারফেরার যাত্রা যে এত দ্রুত মর্মান্তিক শেষ পরিণতিতে রূপ নেবে, তা মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

ঘটনার পর থেকেই পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। প্রশ্ন উঠছে রেলগেটের নিরাপত্তা আর সতর্কতার অভাব নিয়েও।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি