আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। এর মধ্যেই সরকারি চাকরিজীবী ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য এলো জোড়া সুখবর।
একদিকে নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর ফলে মিলছে টানা পাঁচ দিনের মেগা ছুটির সুযোগ, অন্যদিকে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনে বিশেষ অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। নিয়ম অনুযায়ী পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস-আদালত খোলা থাকার কথা থাকলেও উৎসবের আমেজ আরও প্রাণবন্ত করতে প্রধানমন্ত্রী ওই দিনও ছুটি ঘোষণা করেছেন।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে মাঝের একদিনের ছুটি সমন্বয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির মেজাজে থাকছেন সরকারি চাকরিজীবীরা।
টানা ছুটির প্রভাবে স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজন মেটাতে নির্দিষ্ট কিছু শাখা বা বিশেষ সেবা চালু রাখা হতে পারে। পাশাপাশি এটিএম বুথ, কার্ড ও অনলাইন ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে সচল থাকবে।
উৎসবের দিনগুলোতে দেশবাসীকে সেবা দিতে যথারীতি মাঠে থাকবেন জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা।
হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো সেবা সংস্থা এবং গণমাধ্যমের কর্মীরা ছুটির আবহের মধ্যেও নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করবেন।
ছুটির পাশাপাশি ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে রাষ্ট্রীয় তহবিল থেকে অনুদানের পরিমাণ বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, শারদীয় দুর্গাপূজার আয়োজন সফল করতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে সরকারের কাছে চার কোটি টাকার অনুদান চাওয়া হয়েছিল।
কিন্তু প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় চাহিদার চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
একই উদারতা দেখা গেছে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত শুভ প্রবারণা পূর্ণিমা ও আসন্ন কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দুই কোটি টাকার চাহিদার বিপরীতে সরকারের পক্ষ থেকে তিন কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
ছুটির মেয়াদ বৃদ্ধি ও সরকারি অনুদান বাড়ানোর এই সিদ্ধান্ত হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনে নতুন এক মাত্রা যোগ করেছে, যা সারাদেশের উৎসবমুখর আবহাওয়াকে আরও রঙিন করে তুলবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


