রংপুর জেলার তারাগঞ্জে ছয় বছরের এক অবোধ শিশুর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে আসা এজাহারনামীয় প্রধান আসামি মো. সামিনুর রহমানকে (১৯) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করা হয়েছে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বলাকা আবাসিক এলাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃত সামিনুর রহমান রংপুরের তারাগঞ্জ থানার কৃষ্ণপুর বাহাদুরপাড়া এলাকার গেদা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের তারাগঞ্জে হৃদয়বিদারক ঘটনার পর থেকে আসামি গা-ঢাকা দেয়। গ্রেপ্তার এড়াতে সে চট্টগ্রামে এসে আত্মগোপন করেছিল।
তবে গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৭ ও র্যাব-১৩-এর একটি যৌথ চৌকস দল মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে বাকলিয়া থানাধীন জানে আলম অ্যাক্সেস সড়কের কর্ণফুলী হার্ডওয়্যার দোকানের সামনে থেকে সামিনুরকে গ্রেফতার করে।
র্যাব-৭-এর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেখান থেকে তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ ও পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


