বাকলিয়ার সেই ‘শরীফ’ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা!

৫ মামলার পর এবার চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১২:৫১

অপরাধের দুনিয়ায় নাম লিখিয়ে যিনি নিজেকে বারবার আইনের মুখোমুখি করেছেন, এবার সেই মো. শরীফকে (২৬) পাকড়াও করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন তুলাতলী জাইল্লারচর এলাকার ‘আবুর বাপের বিল্ডিং’ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শরীফের কাছ থেকে চোরাই পথে সংগৃহীত একটি ডেল ল্যাটিটিউড ৫৪০০ মডেলের ল্যাপটপ এবং একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জব্দ করা এই ইলেকট্রনিক ডিভাইস দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা (ল্যাপটপ ২৫ হাজার এবং মোবাইল ১৫ হাজার টাকা)।

পুলিশের সূত্রে জানা গেছে, ধৃত শরীফের অপরাধের খাতা বেশ ভারী। এর আগেও তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় আরও পাঁচটি বিভিন্ন মামলার রেকর্ড রয়েছে।

বারবার আইনের খাঁচায় বন্দি হওয়ার পরও থামেনি তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড।

এ ঘটনায় আজ সোমবার (২৬ অক্টোবর) বাকলিয়া থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত শরীফের বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে।

অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি