সীতাকুণ্ডে মা ইলিশ রক্ষা অভিযান: ৩ কোটি টাকার জাল জব্দ, ৯ বোটকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৩:২০

মা ইলিশ শিকারবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৬ দশমিক ২ মেট্রিক টন মা ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে এই যৌথ অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখা।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড ভাটিয়ারী শাখার কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মাছ শিকারের দায়ে ৯ জন বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক উদ্যোগও নেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, হতদরিদ্র পরিবার, মন্দির ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

মা ইলিশের প্রজনন নিরাপদ করতে এবং সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি