রাঙ্গুনিয়ায় ধানক্ষেত থেকে হাত বিচ্ছিন্ন কৃষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৮:২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির উপদ্রব থেকে পাকা ধান রক্ষা করতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামের এক কৃষক বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় সড়কের ওপর থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মর্মান্তিক এই ঘটনায় নিহত কৃষকের দুই হাতের কনুই বিচ্ছিন্ন ছিল, যা এলাকায় গভীর শঙ্কা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত নেজাম উদ্দিন মীরেরখীল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে। দিনমজুরের কাজের পাশাপাশি তিনি নিয়মিত চাষাবাদ ও গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যহাতির পাল থেকে জমির পাকা ধান রক্ষা করার জন্য মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পাহারা দিতে ক্ষেতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। সারারাত তিনি বাড়ি ফেরেননি। সকালে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন।

খোঁজাখুঁজির একপর্যায়ে মীরেরখীল কালিছড়ি সেতুর কাছে মাতব্বর বাড়ির পাশে সড়কের ওপর তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা।

তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

হত্যাকাণ্ডের বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল মাঠে কাজ করছে।

মর্মান্তিক এ ঘটনার খবর পাওয়ার পর চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প ও ডিবি) এবং রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রহস্যজনক এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি