চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা ঘটেছে।
উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডসংলগ্ন নার্সারি সড়কের পাশ থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় নিহত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না এবং তার চুল ছিল বেশ লম্বা।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নাসির জানান, শনিবার ভোরে স্থানীয় এক মাওলানা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন।
বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি ইউপি সদস্যকে অবগত করেন এবং তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
প্রাথমিক প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


