চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।
তবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন গাড়িটিতে থাকা পাঁচ মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের তিন সদস্য। এই আকস্মিক দুর্ঘটনায় প্রাইভেটকারটির চালক আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরী থেকে আসা ওই পরিবারটি খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল।
পথিমধ্যে বেঙ্গুরা খিতাপচর এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি রেললাইনে উঠে পড়ে।
ঠিক সেই মুহূর্তে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী নতুন চালু হওয়া ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায়।
গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১১টায় গোমদণ্ডী স্টেশন ত্যাগ করার পর বেঙ্গুরা খিতাপচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
এ বিষয়ে বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়ির যাত্রীরা স্থান ত্যাগ করেন।
চালক আহত হলেও অন্য যাত্রীরা সম্পূর্ণ সুস্থ আছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


