পটিয়ার নাইখাইন থেকে কিশোর গ্যাংয়ের মূলহোতা ওমর ফারুক বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৯:১১

চট্টগ্রামের পটিয়ায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের মূলহোতা ওমর ফারুক বাবুকে (২৩) গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দেবু সাদার বাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু ওই এলাকার মুহাম্মদ সেলিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।

স্থানীয়দের অভিযোগ, বাবু দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এর পাশাপাশি তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, যা স্থানীয় সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বাবুর বিরুদ্ধে পূর্বে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি