বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২০:৫৬

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১১ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মঈন উদ্দিন (৪৩) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য মারুফ ইসলাম (২০) এবং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য মো. এয়াকুবকে (৪১) একই মামলায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি