নোয়াখালী থেকে এসে চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ওমর ফারুক

সিটি গেট চেকপোস্টে পুলিশের তল্লাশিতে মিলল দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৩:৩৫

চট্টগ্রাম নগরের প্রবেশমুখ সিটি গেট এলাকায় পুলিশের তল্লাশিতে দুটি দেশীয় তৈরি এলজিসহ (লাইট গান) ওমর ফারুক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (১১ নভেম্বর) আকবরশাহ থানার একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ওমর ফারুকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণারামপুর এলাকায়। তাঁর বাবার নাম আবুল আজাদ।

পুলিশ জানায়, বুধবার আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) কিরণ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ পুলিশের একটি দল চেকপোস্ট-৪৪-এ দায়িত্ব পালন করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশিকালে ওমর ফারুককে আটক করা হলে তাঁর কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ওমর ফারুকের বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে (মামলা নম্বর ১১, তারিখ ১১ নভেম্বর ২০২৬)।

আকবরশাহ থানা-পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ওমর ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি