ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি।
তবে এ প্রত্যাবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশের কাছে দুটি সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে ভারত। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে গত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে নেপথ্যে আলোচনা চলছে। এ প্রক্রিয়ায় ভারতের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে হস্তান্তর প্রক্রিয়ার নিরাপত্তা এবং তাঁর বিচারিক অধিকার নিশ্চিত করা।
দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রথম শর্ত হলো-শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে।
গত বছর গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক উড়োজাহাজে চড়েই তিনি ভারতে পৌঁছেছিলেন। সেই প্রেক্ষাপট উল্লেখ করে দিল্লি চাইছে, তাঁকে ফেরত নেওয়ার প্রক্রিয়াও যেন সেনাবাহিনীর মাধ্যমেই সম্পন্ন হয়।
এ হস্তান্তর প্রক্রিয়া আকাশপথ বা স্থলপথ-যেকোনো মাধ্যমেই হতে পারে বলে জানিয়েছে ভারত। এক্ষেত্রে বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যেতে পারে, অথবা স্থলসীমান্তের কোনো নির্ধারিত পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন।
এ পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও আয়োজন করতে ভারত প্রস্তুত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের দ্বিতীয় শর্তটি শেখ হাসিনার বিচারপ্রক্রিয়াসংক্রান্ত। দিল্লি চাইছে, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়-এমন নিশ্চয়তা ঢাকাকে দিতে হবে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ভারত শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিতে চায় না। বরং তিনি যেন নতুন করে একটি সুষ্ঠু বিচার পাওয়ার সুযোগ পান, সেটি নিশ্চিত করতে চায় দিল্লি।
পাশাপাশি শেখ হাসিনার এই বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে রাখার বিষয়েও ভারত আগ্রহী বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
বিচারপ্রক্রিয়া নিয়ে শর্ত দিলেও বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে ভারত। দিল্লির নীতিনির্ধারকেরা চাইছেন না যে, তাঁদের এই অবস্থানকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারব্যবস্থায় কোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা হোক।
মূলত এ স্পর্শকাতরতার কারণেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত রয়েছে ভারত সরকার।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


