বৃদ্ধাশ্রমে খাবার খাওয়ানোর আড়ালে শেখ হাসিনার জন্মদিন পালন,অতঃপর..

পুলিশের জালে তিন নারীসহ ৭ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কেন্দ্র করে গোপন আয়োজনের খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় আয়োজিত এক কেক কাটার অনুষ্ঠান থেকে তিন নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে অক্সিজেন আবাসিক এলাকায় এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আটক ব্যক্তিরা হলেন-আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) এবং নুরুল হাকিম রাব্বি (২৫)।

তদন্তে জানা গেছে, এদের মধ্যে আসিফ মাহমুদ ও সুফিয়া বেগম হাটহাজারীর বড়দীঘির পাড়-খিল্লাপাড়ার বাসিন্দা। শারমিন আক্তারের বাড়ি ফটিকছড়ির সুন্দরপুর গ্রামে এবং শারমিন বেগম বায়েজিদের অক্সিজেন-লোহারপোল এলাকায় থাকেন।

অন্যদিকে, মোহাম্মদ সানি হাটহাজারীর ফতেহপুরের বাসিন্দা, হাবিবুর রহমান থাকেন বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকায় এবং রাউজান নাদিমপুরের সন্তান নুরুল হাকিম রাব্বি বর্তমানে বায়েজিদের লোহারপুল এলাকায় বসবাস করছেন।

পুলিশের সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, আটক হওয়া নুরুল হাকিম রাব্বি ঘটনার দিন প্রথমে নগরীর পাঁচলাইশ এলাকায় আয়োজিত শেখ হাসিনার জন্মদিনের একটি কেক কাটার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

সেখান থেকে তিনি বায়েজিদ এলাকায় আসেন এবং একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণের উদ্দেশ্যে যান।

সেখানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই জড়িত আরও কয়েকজনকে একই এলাকা থেকে হেফাজতে নেয় পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের রাজনৈতিক পরিচয় সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি