চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিজিটিডিএ, চমেকহা)।
রোববার (৮ নভেম্বর) সকালে হাসপাতালের অধ্যাপক শাহাদাত হোসেন মেমোরিয়াল হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।
পিজিটিডিএ চমেকহার সভাপতি ডা. তানভীর হাবীব তান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
আরও পড়ুন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখা সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চমেক শাখা সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম।
এছাড়াও চমেক শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিঞা, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মাহতাব উল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংযোজন অত্যন্ত জরুরি। শিশুদের জীবন রক্ষায় অক্সিজেন কনসেনট্রেটরের মতো যন্ত্রপাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পিজিটিডিএ-র এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম শুধু শিশু বিভাগে সীমাবদ্ধ না রেখে হাসপাতালের অন্যান্য বিভাগেও সম্প্রসারণ করা প্রয়োজন।
নিজের চিকিৎসা জীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, প্রায় আড়াই দশক আগে ব্যাঙ্গালোর থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে তিনি চট্টগ্রামে আধুনিক নিউরোফিজিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার প্রযুক্তি (ইএমজি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি ইত্যাদি) পরিচিত করার উদ্যোগ নিয়েছিলেন।
রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার চিকিৎসার নির্ভুলতা বহুগুণ বাড়িয়ে দেয়।
স্বাস্থ্য খাতের উন্নয়নে রাজনৈতিক ঐকমত্যের ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, সরকার পরিবর্তন হলেও জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা যেন থেমে না থাকে।
ভালো উদ্যোগগুলো রাজনৈতিক বিবেচনায় বন্ধ না করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে চিকিৎসকদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।
হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশ যেকোনো চিকিৎসা প্রতিষ্ঠানের মান প্রকাশ করে।
রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে হাসপাতালের ফুটপাত ও আশপাশের এলাকায় অবৈধ দোকানপাট বসানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে তিনি নিজে নিয়মিত তদারকি করছেন বলে জানান।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


