চট্টগ্রাম নগরে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আজ সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরের চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়েছে।
পাশাপাশি তিনটি ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের নকশাবহির্ভূত বর্ধিতাংশ তাৎক্ষণিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
চউক সূত্রে জানা গেছে, অভিযানকালে নগরের পাঠানটুলি, বন্দর এলাকার মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার মোট ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ ভবনমালিকই অনুমোদিত নকশা অনুসরণ না করে ভবনের কাঠামোগত পরিবর্তন (ডেভিয়েশন) এবং নকশাবহির্ভূত বর্ধিতাংশ নির্মাণ করেছেন।
ইমারত নির্মাণ বিধিমালার এমন গুরুতর লঙ্ঘন প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযানে নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া অনুমোদনহীন নির্মাণকাজ যেন আর এগোতে না পারে, সে জন্য তিনটি ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অন্যদিকে, পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ওই ভবনগুলোর অবশিষ্ট অবৈধ অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করে নেওয়ার শর্তে সংশ্লিষ্ট ভবনমালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা আদায় করা হয়েছে।
অভিযানের বিষয়ে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ রোধে চউকের এই কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
অনুমোদিত নকশার বাইরে গিয়ে যাঁরা ভবন নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


