ফটিকছড়ি নালিরকুলের ডে-নাইট ফুটবলে চ্যাম্পিয়ন সুন্দরপুর ভাই ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৯:১৭

ক্রীড়াচর্চা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী বারমাসিয়া নালিরকুল একতা সংঘ-এর উদ্যোগে আয়োজিত জমকালো শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি রাউন্ডে স্থানীয় খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

মোট ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে Boy, s Of Nazirha কে হারিয়ে শিরোপা অর্জন করে সুন্দরপুর ভাই ব্রাদার্স।

পুরো আসরজুড়ে মাঠের ভেতরে যেমন ছিল গতি ও কৌশলের লড়াই, তেমনি মাঠের বাইরে ছিল স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবের আমেজ।

টুর্নামেন্টের বিভিন্ন ধাপে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত অতিথিবৃন্দ।

প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন ১১ নম্বর সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মনচুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুন নাজাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদল কান্তী নন্দী এবং সাংবাদিক শ্যামল নন্দী।

কোয়ার্টার ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা করেন বৈদ্যেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উদ্দিন, আর প্রধান অতিথি ছিলেন সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইয়াকুব শহিদ।

সেমি ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা করেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রমজান আলী। এ পর্বে প্রধান অতিথি ছিলেন আসন্ন ১১ নম্বর সুয়াবিল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মদ বেলাল উদ্দিন।

রোমাঞ্চকর ফাইনালে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর সুয়াবিল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নঈম উদ্দীন। ফাইনাল পর্বে প্রধান অতিথি ছিলেন বারমাসিয়া নালিরকুল জামে মসজিদের সহ-সভাপতি ও বারমাসিয়া নালিরকুল একতা সংঘের সভাপতি মুজিবুল আলম মুন্না।

বারমাসিয়া নালিরকুল একতা সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আরমান উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুক্কুর সওদাগর, কামাল উদ্দিন, মোহাম্মদ জহুর, শাহাজান, মোঃ আজগর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় তরুণ সমাজ।

সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুরো টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক কমিটি, খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বারমাসিয়া নালিরকুল একতা সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ভবিষ্যতেও এমন ক্রীড়া ও সামাজিক আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজ ঐক্যবদ্ধ ও উজ্জীবিত থাকুক-এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন আয়োজক ও দর্শকেরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি