কর্ণফুলীতে কালা করিম ও নুর মাবুদ গ্রেপ্তার, দুজনের বিরুদ্ধে পৃথক মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৮:৫২

চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক দুটি অভিযান চালিয়ে শ্রমিকলীগের এক সক্রিয় সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁদের একজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এবং অন্যজনকে আদালতের সিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় অভিযান চালিয়ে মো. করিম ওরফে কালা করিমকে (৩২) গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে শ্রমিকলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।

গ্রেপ্তার করিম কর্ণফুলী থানাধীন শিকলবাহা বিল্লাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাহাদুরের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ছাবের।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কর্ণফুলী থানার ১৭ নম্বর মামলায় (১১ নভেম্বর ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় কালা করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, একই দিন পৃথক আরেকটি অভিযান চালিয়ে সিআর পরোয়ানামূলে নুর মাবুদ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শিকলবাহা এলাকার লাল মিয়ার বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইমাম শরীফ।

পুলিশের তথ্যমতে, সিআর-৬৬/২৬ (কর্ণফুলী) নম্বর মামলায় নুর মাবুদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২৭, ৪০৬ ও ৪২০ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার দুজনকেই যথাযথ পুলিশি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অভিযান দুটি পরিচালিত হয়।

এতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসান তত্ত্বাবধান করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান দুটি পরিচালনা করে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি