চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় শনিবার রাতে জামায়াত কর্মী মুহাম্মদ জামালকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও আটটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার লেলাংসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর হতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছিলেন।
রবিবার রাত ১২টায় নিহত জামায়াত কর্মী জামালের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা রুজু করে।
তদন্তের স্বার্থে পুলিশ মামলার বিস্তারিত তথ্য গোপন রেখে অভিযানে নামে। ওইদিনই মধ্যরাতে টিম ফটিকছড়ি উপজেলার লেলাং সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক এবং অস্ত্র ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত মিডিয়াকে সব জানানো হবে।
এর আগে, গত শনিবার রাত ৮টায় ফটিকছড়ি উপজেলার শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী মুহাম্মদ জামাল ঘটনাস্থলে প্রাণ হারান।



