back to top

চট্টগ্রাম নগর বিএনপি নেতা খোরশেদ আলমের বহিস্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১১:১৮

চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলমসহ আরও ৫ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, যশোর জেলাধীন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের সিদ্দিকী, হবিগঞ্জ জেলাধীন মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মো. সোহেল চেয়ারম্যান (এস এম আতাউল মোস্তফা সোহেল), ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ ও দিনাজপুর জেলাধীন হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছা. পারুল নাহারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।