back to top

মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড পেল আট ব্যবসায়ী

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:১০

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মিঠানালা বাজার, সদর ইউনিয়ন এবং মিরসরাই পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ১০,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আসন্ন রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের পরিমিত মুনাফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোর জন্য সতর্ক করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ছাড়াও পুলিশের বিশেষ একটি টিম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি