সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাক ও মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিনহাজুল ইসলাম (২৮) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ইসমাইল কার্পেট মিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিনহাজুল ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভালোটিলা এলাকার জামাল উদ্দিন মজুমদারের ছেলে। পেশায় তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন জানান, ঘটনার সময় মিনহাজুল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।
মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতল ইসমাইল কার্পেট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিনহাজুলকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



