সিটিজি নিউজ টুডে : ফের রক্তাত্ত রাউজান,এবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আব্দুল মুজিব ভান্ডারি নামে স্থানীয় এক রাজনৈতিক কর্মী।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াপাড়াস্থ অলি মিয়ার হাট এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য নিহত মোহাম্মদ মজিব উপজেলার আধারমানিক অলিমিয়ার হাটের আব্দুল মোনাফের ছেলে। সে স্থানীয় যুবদলের রাজনীতি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর অলি মিয়া হাট এলাকায় একটি চায়ের দোকানে ভান্ডারিসহ কয়েকজন বসে গল্প করছিলেন।
এসময় সশস্ত্র কয়েকজন দুর্বৃত্ত মুজিব ভান্ডারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
এদিকে এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য : রাউজানে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পরে গেল ১৮ মাসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


