back to top

পটিয়ার সমাজসেবক মাস্টার নুরুল আলম আর নেই

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০৫

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার নুরুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের চকবাজারস্থ এহসান সিটি আবাসিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুম মাস্টার নুরুল আলম একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তিনি হালিমখার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের প্রধান ব্রত।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাদাসিধে, পরোপকারী ও সদালাপী মানুষ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাটগাঁর সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রিয়াদুল আলমের পিতা।

শনিবার বাদ আছর তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি