ভিনদেশ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান।
দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই হামলায় ইসরাইলি সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী ইউনিট Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানিয়েছে, তারা পরিকল্পিত ও আকস্মিকভাবে এই আক্রমণ চালিয়েছে। হামলায় ব্যবহৃত হয়েছে খাইবার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও বিমানবাহিনীর কমান্ড কাঠামোর কিছু গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।
হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অবস্থান ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ইরানি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
যদিও এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
এর আগে গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের জবাবে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে দখলকৃত অঞ্চল ও আঞ্চলিক ঘাঁটিগুলোতে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে।
ইরানি গণমাধ্যম দাবি করছে, এখন পর্যন্ত এমন হামলার অন্তত ১০টি ধাপ সম্পন্ন করা হয়েছে।
পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


