back to top

কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ০৭:০৪

দেশজুড়ে ডেস্ক : কুমিল্লায় গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই।

গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের আবদুল মালেক ভূঁইয়ার ছেলে। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

শুক্রবার বিকেলে ছোটভাই আনিসুর রহমান ভূঁইয়া তার বড় ভাই বিল্লালকে অতর্কিত ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হলে গ্রাম ছেড়ে সে পালিয়ে যায়।

এদিকে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক আনিসের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

রাতে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গণমাধ্যমকে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি