দেশজুড়ে ডেস্ক : নানা ঝক্কিঝামেলা আর দুর্ভোগ মাথায় নিয়ে ঈদে বাড়ি যাচ্ছেন মানুষ।
শেষ মুহূর্তে যাত্রী চাপ বাড়ায় বাস, ট্রেন, লঞ্চে স্বজনদের কাছে যাওয়া যাত্রীদের সমস্যা দেখভালে মাঠে নেমেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে নিবিড় তদারকির জন্য এবার যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে এলেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১১টায় কমলাপুর হতে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন প্রতিমন্ত্রী।
পথিমধ্যে তিনি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় রেলপথ প্রতিমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট (অ্যাডমিন পোস্ট) দেয়া হয়।
সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীর কুশল বিনিময়ের কিছু ছবি দিয়ে পোস্টে লেখা হয়– ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে, নিবিড় তদারকি করতে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় কমলাপুর হতে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেসে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।
শুধুমাত্র ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা, তা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য তার এই যাত্রা।
পথে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের অভিজ্ঞতা শোনেন এবং নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পোস্টে আরও লেখা হয়– ঈদের ছুটিতে যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, ঠিক তখনই মানুষের কষ্ট লাঘবে নিজের দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে তার এই আপ্রাণ প্রচেষ্টা।
‘সবার আগে জনগণ’, এই অঙ্গীকারই তার কাজের মূল প্রেরণা বলে পোস্টের শেষে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



