বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জে সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত সমন জারি করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল চৌহালী আমলি আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়া শুনানি শেষে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন।
আরও পড়ুন
অন্যদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ আমির হামজার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
এ সময় মুক্তিযোদ্ধারা দ্রুত আমির হামজার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



