দেশজুড়ে ডেস্ক : বাড়ির ছাদে পানির ট্যাংকের ঢাকনা খুলতেই দেখা মিলল প্রায় ৭৫০ লিটার ডিজেল। এ ঘটনায় বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় এসব ডিজেল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাড়িটি চরজব্বর ইউনিয়নের হাসানহাট এলাকার বাসিন্দা ও ফিশিংবোট ব্যবসায়ী বসির সারেংয়ের। তাঁর বাড়িতে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে খবর পেয়ে অভিযান চালানো হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বসির সারেংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকে ৭৫০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়।
ইউএনও আকিব ওসমান বলেন, জ্বালানি তেলের চলমান সংকটে যাতে নিজেকে ভুক্তভোগী না হতে হয়, সে লক্ষ্যে বসির সারেং বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল মজুত করে রেখেছিলেন।
কিন্তু আইন অনুযায়ী বর্তমান সময়ে তিনি এভাবে তেল মজুত রাখতে পারেন না। তাই এসব ডিজেল জব্দ করে নিলামের বিক্রি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



