নগরের কোতোয়ালী থানা এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১০ মে) রাতে বান্ডেল রোডের বাঙালি সেবক কলোনির গেটের বিপরীতে ‘ঝাল বিতান’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান বালী সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা। তিনি ‘ঝাল বিতান’ দোকানের মালিক বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, দোকানে বিক্রির উদ্দেশ্যে চোলাই মদ মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর দেখানো মতে দোকানের ভেতরে টেবিলের নিচে রাখা ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



