দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৯২ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে আরও ৪২ জনের হাম নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন রোগী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত কারণে মোট ৫০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হওয়া হামরোগীদের মধ্যে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।
হাম সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।



