স্বাস্থ্যসচেতনতার বার্তা নিয়ে ৭০০ শিক্ষার্থীর পাশে তাজকিয়া

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২০:৩২

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা এবং তরুণ প্রজন্মের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’।

দিনব্যাপী এই বিশেষ সামাজিক ও চিকিৎসাসেবা কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার ঐতিহ্যবাহী আজিমনগরস্থ মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী প্রাঙ্গণে এই বিশালাকার ক্যাম্পের আয়োজন করে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রিত আত্মউন্নয়নমূলক যুব সংগঠন ‘তাজকিয়া’।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও সংগঠকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

হেলথ ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গাউসিয়া জামান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী, মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম, শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক ও তাজকিয়ার উপদেষ্টা এইচ. এম. রাশেদ খান, তাজকিয়ার সাবেক সভাপতি ডা. কৌশিক সাইমন শুভ এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’-এর আহ্বায়ক ও তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি জামশেদ আলম।

ক্যাম্পে সেবা নিতে আসা শিক্ষার্থীদের শুধু চোখের যত্ন ও রক্তের গ্রুপ নির্ণয়ই করা হয়নি, বরং প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় স্থায়ী ‘ব্লাড গ্রুপ কার্ড’।

সংগঠনটির বিশেষ উদ্যোগ ‘তারুণ্যের ডাক’ বুথের মাধ্যমে তরুণদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

বিশেষ আকর্ষণ হিসেবে নারীদের স্বাস্থ্য সচেতনতায় অনুষ্ঠিত হয় অত্যন্ত তথ্যবহুল এক কর্মশালা, যা পরিচালনা করেন ডা. রিহুল জান্নাত।

চিকিৎসা সেবা ও সচেতনতামূলক সেশনের পর পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে একটি ফলপ্রসূ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে।

বিশাল এই কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে নিরলস কাজ করেছেন একদল দক্ষ পেশাদার ও স্বেচ্ছাসেবক। আয়োজকদের তথ্যমতে, সেবা প্রদান কাজে সরাসরি যুক্ত ছিলেন, ৮ জন অভিজ্ঞ চিকিৎসক, ২ জন দক্ষ প্রশিক্ষক, ৩ জন ল্যাব টেকনিশিয়ান, তাজকিয়ার কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা শাখার ৬০ জন উৎসর্গীকৃত সদস্য।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষা দেওয়া মানে ভবিষ্যতের বাংলাদেশকে সুরক্ষিত করা। তাজকিয়ার এই ধরনের দূরদর্শী ও মানবিক উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য ভূমিকা রাখবে।

বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, মাইজভাণ্ডারী ট্রাস্ট ও যুব সংগঠন ‘তাজকিয়া’ আগামীতেও সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষ এবং শিক্ষার্থীদের পাশে এভাবে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়ে থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি