রিজেন্ট টেক্সটাইলের চেয়ারম্যান-এমডিসহ ৫ জনের এক বছর কারাদণ্ড

মার্কেন্টাইল ব্যাংকের চেক প্রতারণা মামলা: সাড়ে ৬ কোটি টাকার বেশি অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৯:০১

ব্যাংক ঋণের বিপরীতে দেওয়া চেক প্রতারণার মামলায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ পাঁচজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে চেকের সমপরিমাণ অর্থ অর্থাৎ ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ৪ নভেম্বর চট্টগ্রামের ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুসরাত আরা হীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব এবং তিন পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী, মাশরুফ হাবিব ও তানভির হাবিব।

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় পাঁচ আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক থাকায় আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তারের পর থেকে তাদের সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণের বিপরীতে রিজেন্ট টেক্সটাইলের পক্ষ থেকে ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক জমা দেওয়া হয়। কিন্তু ২০২৩ সালের ২৯ আগস্ট চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখ্যাত হয়।

এরপর ব্যাংকের পক্ষে আইনজীবী নুসরাত আরা হীরা ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বরাবর আইনি নোটিশ পাঠান।

৭ সেপ্টেম্বর আসামিরা নোটিশ গ্রহণ করলেও চেকের নির্ধারিত অর্থ পরিশোধ করেননি। ফলে বাধ্য হয়ে একই বছরের ১৭ অক্টোবর ব্যাংকের পক্ষ থেকে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।

গত ৩ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং দীর্ঘ সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষে গত ৪ নভেম্বর আদালত এ চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি