চট্টগ্রাম রেঞ্জ থেকে ডিএমপিতে আবদুল কুদ্দুস, নতুন ডিআইজি শামসুল হক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ২০:৩৯

পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল এনেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) পদেও পরিবর্তন আনা হয়েছে।

আদেশ অনুযায়ী, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি