৩.৩৭ কোটি টাকার রাজস্ব লোপাট, সাবেক সচিবসহ ৬ আসামি!

ফৌজদারহাট বিসিকে সাড়ে ৩ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৭:৫৫

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্লট বরাদ্দে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নীতিমালা লঙ্ঘনের মাধ্যমে সরকারের প্রায় ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতি করে আত্মসাতের অভিযোগে সাবেক শিল্প সচিবসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম।

মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর ‘ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, বিসিকের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহকে।

এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত তৎকালীন উপ-সচিব মো. মাহবুবুর রহমান মারা যাওয়ায় তাকে আসামি করা হয়নি।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক মো. আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর বিভিন্ন প্লটের মোট ২৪ হাজার বর্গফুট জমি ‘ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল।

পরবর্তীতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ১৯৯৩-৯৪ সালে প্লট বরাদ্দ কমিটির সভায় ওই জমির বরাদ্দ বাতিল করা হয়।

এর মধ্য থেকে ৫ হাজার বর্গফুট জমি অন্য একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয় এবং অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি বিসিকের নিয়ন্ত্রণে খালি থাকে।

দীর্ঘ বিরতির পর ২০১৫ সালের ৩ মার্চ প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী নতুন নির্ধারিত মূল্যে অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি পুনরায় বরাদ্দ নেওয়ার আবেদন করেন।

তবে ২০১৭ সালের ১০ জুলাই তিনি পূর্বের অবস্থান থেকে সরে এসে নতুন মূল্যের পরিবর্তে ১৯৭৯ সালের পুরোনো মূল্যেই জমিটি চালুর অনুমতি চেয়ে বিসিক চেয়ারম্যান বরাবর আবেদন করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিসিকের নথিতে নতুন নিয়মে মূল্য পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও তৎকালীন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার ক্ষমতার অপব্যবহার করে আবেদনকারীকে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ‘বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০’ এর ১৯(২) ধারার ব্যত্যয় ঘটিয়ে ২০১৭ সালের ২৩ আগস্ট বাতিল আদেশ প্রত্যাহারের নির্দেশনা দিয়ে বিসিক চেয়ারম্যানকে চিঠি দেন।

দুদকের ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় সরকারের ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতি করে আসামিরা পরস্পর যোগসাজশে তা আত্মসাৎ করেছেন।

দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ছয় আসামির বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি