মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে।
গোপনে এমন সংবাদ পেয়ে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে পাচারের উদ্দেশ্যে জড়ো করা চার নারী ও এক শিশুসহ মোট ৫জনকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় একজন মানবপাচারকারীকেও আটক করা হয়েছে।
আরও পড়ুন
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো.সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার ব্যক্তি ও আটক অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল।
পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল।
পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টাও করছিল।


