back to top

আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৭

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে আলোচিত কিশোরী সুমাইয়া আক্তার (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি মো. জোবায়ের প্র. কালাবাশি (২০) একটি সংঘবদ্ধ অপহরণকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য।

রোববার (১৮ জানুয়ারি) কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরী সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা মো. ছিদ্দিক বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলাটি এফআইআর নং-৬১/৬১, তারিখ ১৬ জানুয়ারি, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তের সূত্র ধরে সঙ্গীয় ১৬ এপিবিএন পুলিশের সহায়তায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে টেকনাফের হ্নীলা মোচনী রোহিঙ্গা ক্যাম্পের এস ব্লকের বাসিন্দা মৃত নুরুল আলমের ছেলে মো. জোবায়ের প্র. কালাবাশিকে (২০) গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, ‘গত ১৮ জানুয়ারি রাত আনুমানিক ২টা ১০ মিনিটে টেকনাফ মডেল বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’