back to top

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০০

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন—এমন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

তবে তাঁর মনোনয়নসংক্রান্ত চলমান আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত ঘোষণা স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

আদালতে শুনানিকালে আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

অপরপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংকের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে আসলাম চৌধুরী ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলেও, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকছে।