back to top

পটিয়ায় হেলে পড়েছে নির্মাণাধীন ভবন, ধসের আশঙ্কা-আতঙ্ক!

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৫৬

পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পটিয়া মুন্সেফ বাজার এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন হেলে পড়ার ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

যেকোনো মুহূর্তেই ধসে পড়তে পারে ভবনটি। প্রাণহানির আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে বুধবার দুপুরে পটিয়া ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক পরিদর্শন শেষে তারা ভবনটিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যে ভবনের চারপাশে লাল ফিতা দিয়ে সতর্কতামূলক ব্যারিকেড তৈরি করেন এবং ভবনটিতে ব্যানার টাঙিয়ে দেন। তাছাড়া সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন ফায়ার সার্ভিস।

এ বিষয়ে পটিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী অতীশ চাকমা জানান: “ভবনটির কাঠামোগত ভিত্তি (Foundation) অত্যন্ত দুর্বল। এটি বর্তমানে যে অবস্থায় আছে, তাতে যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা জননিরাপত্তার স্বার্থে ভবনটি সিলগালা করার সুপারিশ করেছি।

ভবনটি পাশের ‘এমএস টাওয়ার’-এর ওপর হেলে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী সাইফুল ইসলাম রুবেল।

তিনি জানান, হেলে পড়া ভবনের চাপে তার নিজের ভবনটিও ঝুঁকির মুখে পড়েছে। আতঙ্কে তার ভবনের ভাড়াটিয়ারা ইতিমধ্যেই মালামাল নিয়ে বাসা ছেড়ে চলে গেছেন। এতে তিনি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

মহাসড়কের পাশে এমন ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় পথচারী ও বাসিন্দারা।

তাদের অভিযোগ, যথাযথ নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা না মেনেই ভবনটি নির্মাণ করা হচ্ছিল।

দ্রুত এটি অপসারণ বা স্থায়ী সমাধানের জন্য তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি