রাউজানে পুলিশের অভিযানে দুটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩৭

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নন্না গাজী বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি দেশীয় তৈরি এলজি এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সোর্সের তথ্য পেয়ে বিশেষ এ অভিযানটি পরিচালনা করে রাউজান থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কদলপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি রুবেল তার বসতঘরের পেছন দিক দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ রুবেলের বসতঘরে ব্যাপক তল্লাশি চালায়।

একপর্যায়ে বাথরুমের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি ওই দুটি এলজি ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।

পলাতক আসামি রুবেল কদলপুর ইউনিয়নের ওই এলাকার মো. চাঁদ মিয়া প্রকাশ চান্দু মিয়ার ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় আসামি রুবেলের বসতঘর থেকে দুটি দেশীয় এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল পালিয়ে যায়।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম আরও জানান, পলাতক রুবেলের বিরুদ্ধে আগে থেকেই আটটি মামলা রয়েছে।

এই অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় উপপরিদর্শক (নিরস্ত্র) মাসুকুর রহমান বাদী হয়ে রাউজান থানায় নতুন করে একটি মামলা রুজু করেছেন।

পলাতক রুবেলকে গ্রেপ্তার করতে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলেও মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি